কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় আদালতের নিষেধাজ্ঞা ও জমি-সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় জোরপূর্বক বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে দুই নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মজিবার রহমান শেখের ছেলে বিল্লাল হোসেন বলেন, রোববার সকাল ৭টার দিকে একই গ্রামের মোহাম্মদ বাউলিয়ার ছেলে আরাফাত হোসেন ও হুদা গাইনের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাদের বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে। পরে তারা বসতঘরে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং তাদের উচ্ছেদ করে জমি দখল করে নেয়।
বিল্লাল হোসেন আরও অভিযোগ করেন, বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের পর অভিযুক্তরা ওই জমিতে নতুন করে ঘর নির্মাণ করে দখল পাকাপোক্ত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিতর্কিত ওই জমির বিষয়ে সুপ্রিম কোর্টে নিলাম রোধ সংক্রান্ত একটি মামলা এবং কয়রা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উচ্ছেদ-সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা আইন অমান্য করে জমি দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এবং আইনকানুনের তোয়াক্কা না করে সাধারণ মানুষের সম্পদ দখল করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিল্লাল হোসেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
এই ঘটনার ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।