যবিপ্রবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব ও সুবর্ণভূমির প্রতিনিধি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. ইমরান হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রকিবুল হাসান তারেক এবং যবিপ্রবিসাসের সদস্য ও আরটিভির প্রতিনিধি আলফাজ হোসেন আরবি।
যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। ২০২৪ সালের গণ-আন্দোলনে সাংবাদিকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বর্তমান ক্ষমতাসীন দল ও ছাত্রদল হয়তো তা ভুলে গেছে, অথবা ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা সাংবাদিকরা কখনো অস্ত্রের মুখে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না।’
তিনি বলেন, গত ২৫ মে ২০২৫ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অন্তত ৩৪ জন ক্যাম্পাস সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এর মধ্যে তিতুমীর কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস সাংবাদিকরা হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। সর্বশেষ ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত দশ সাংবাদিক আহত হন।