যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নেই মুসলিম শিক্ষক

কয়রার ২০ প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন অমুসলিমরা

হুমায়ুন কবির, কয়রা

, খুলনা

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৮:২৩ পিএম
কয়রার ২০ প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন অমুসলিমরা

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি পড়াচ্ছেন অমুসলিম শিক্ষকরা। আরবি ভাষা, সুরা ও কিরাত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক ক্ষেত্রে শিক্ষকরা শুধু বইয়ের বাংলা অর্থ পড়িয়েই দায়িত্ব শেষ করছেন।

এতে কোমলমতি শিক্ষার্থীরা সঠিকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

সরেজমিনে দেখা গেছে, সুন্দরবনসংলগ্ন বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১০৮ জন শিক্ষার্থীর সবাই মুসলিম। বিদ্যালয়ে কর্মরত পাঁচজন শিক্ষকের সবাই সনাতন ধর্মাবলম্বী। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে কোনো মুসলিম শিক্ষক না থাকায় বাধ্য হয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি অমুসলিম শিক্ষকদেরই পড়াতে হচ্ছে।

একই অবস্থা গড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে মোট ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮৭ জনই মুসলিম। অথচ কর্মরত ছয়জন শিক্ষকের কেউই মুসলিম নন। ফলে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নানাবিধ সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

এছাড়া দক্ষিণ বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি আরও দীর্ঘমেয়াদি। স্থানীয়দের দাবি, প্রায় ১৯ বছর ধরে এই বিদ্যালয়টিতে কোনো মুসলিম শিক্ষক নেই। শুধু এই তিনটি নয়, উপজেলার মোট ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র দেখা গেছে।

শিক্ষক সংকটে থাকা ২০টি বিদ্যালয়

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যেসব বিদ্যালয়ে কোনো মুসলিম শিক্ষক নেই সেগুলো হলো—হাতিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হড্ডা ডিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মহেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াখালি সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আংটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউলিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হাতিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হড্ডা পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতিয়ারডাঙ্গা পূর্বচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসব বিদ্যালয়ের বেশিরভাগে চার থেকে ছয়জন করে শিক্ষক কর্মরত থাকলেও কোনো মুসলিম শিক্ষক নেই। ফলে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে।

ক্ষুব্ধ অভিভাবক, কমছে উপস্থিতি

ভুক্তভোগী অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলায় অনেকেই বাধ্য হয়ে তাদের সন্তানদের দূরবর্তী অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। ফলে এই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হারে নেতিবাচক প্রভাব পড়ছে।

গড়িয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মো. সাহেব আলী সানা বলেন, ‘শিক্ষকরা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাদের পক্ষে আরবি সুরা ও কিরাত শুদ্ধভাবে শেখানো সম্ভব হচ্ছে না। এতে কোমলমতি শিশুদের বুনিয়াদি ধর্মীয় শিক্ষা অপূর্ণ থেকে যাচ্ছে।’

যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

গড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন বিহারী বর্মন বলেন, ‘ভৌগোলিক দূরত্বের কারণে নতুন শিক্ষকরা এখানে পদায়ন পেলেও দ্রুত বদলি হয়ে চলে যান। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার জানান, সরকারি শিক্ষক নিয়োগের নীতিমালায় হিন্দু বা মুসলিম আলাদা করে পদায়নের নিয়ম নেই। মেধা তালিকার ভিত্তিতে পদায়ন হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিধি মোতাবেক দ্রুত এই সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)