স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের নুরপুর এলাকায় ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার-৫০ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের সন্দেহ হয়।
তারা বিষয়টি ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ ধাওয়া করে তুহিন শেখকে আটক করে। একই সঙ্গে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানানো হয়।
আটক তুহিন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।