মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েদ হোসেন, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার আমির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও পৌর জামায়াতের সভাপতি নওফেল হোসেন।
এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মেয়েরা যাতে পড়াশোনা বাদ দিয়ে অতিরিক্ত সময় মোবাইল ফোনে না কাটায়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
বক্তারা আরও বলেন, কোনো মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মেয়েদের বাল্যবিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।