খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মম নির্যাতন করে তরুণ সাজমীর ইসলাম (১৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে মহানগরীর (কেএমপি) খানজাহান আলী থানার মহেশ্বরপাশা এবং ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলবাড়ীগেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিব (২১)।
এসআরবি-৬ (খুলনা) সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের শিকার সাজমীর ইসলাম খানজাহান আলী থানার কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকার একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আকাশ ও সাকিবসহ তাদের সহযোগীরা সাজমীকে এক লাখ টাকা চুরির মিথ্যা অপবাদ দেয়।
একপর্যায়ে আসামিরা তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন ও স্বজনরা সাজমীরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর তিনি মারা যান। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল সাজমীর হত্যা মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।