স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের আশ্রম রোড এলাকার একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ‘মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে এক দোকানে এই দুঃসাহসিক চুরি হয়।
দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি বেগম জানান, তার স্বামী সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে ভেতরকার সমস্ত মালামাল এলোমেলো দেখতে পান। এ সময় ওপরের দিকে তাকালে ‘টিনের ছাউনি কাটা’ নজরে আসে।

ভুক্তভোগী পরিবার জানায়, ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।
বিষয়টি স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীদের জানানোর পর কোতোয়ালি থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’