স্টাফ রিপোর্টার
, যশোর
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে যশোরে তরিকুল ইসলাম নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম স্ত্রী মিনা খাতুন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল অভিযোগের সত্যতা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জনতা ব্যাংক বেনাপোল শাখার ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত তরিকুল ইসলাম শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জনতা ব্যাংক বেনাপোল শাখায় কর্মরত।
মামলার আরজিতে মিনা খাতুন উল্লেখ করেন, ২০১৬ সালের ৭ অক্টোবর পারিবারিকভাবে তরিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই তরিকুল ইসলাম তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি স্বামীর সব নির্যাতন সহ্য করে আসছিলেন।
মিনা খাতুন আরও জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তরিকুল ইসলাম কুলছুম খাতুন (৩৬) নামে এক নারীকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন এবং তাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।
কুলছুম খাতুন ঝিকরগাছা উপজেলার রায়পটন গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার কারণ জানতে চাইলে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মিনা খাতুনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। কোনো উপায় না দেখে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।