স্টাফ রিপোর্টার
, যশোর
বিশ্ব মান দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল 'অভিন্ন লক্ষ্য: উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি'।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান।
সভায় বক্তারা বলেন, উন্নত বিশ্ব গড়তে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন এবং জ্বালানির কার্যকর ব্যবহার বাড়াতে হবে। তারা বাজারে পণ্যের সঠিক মান যাচাই ও বিপণন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেলমেট আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সুজন দত্ত লাল্টু এবং ল্যাবরেটরিজের প্রতিনিধি আশরাফুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিএসটিআই আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।