ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ, চাঁদাবাজি এবং তেল, সার, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতার পরিবর্তে আত্মীয়তার সম্পর্ক ও রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাওয়ায় কৃষকসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝিনাইদহের সব উপজেলায় সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতাদের আত্মীয়-স্বজন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে কয়েকটি সুনির্দিষ্ট নাম উল্লেখ করে বলা হয়, কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নে মেসার্স নাজমুল ট্রেডার্সের মালিক নাজমুল হক মিশু এবং ত্রিলোচনপুর ইউনিয়নে সাদ ট্রেডার্সের মালিক সুরমা হাসান ডিলারশিপ পেয়েছেন, যারা জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের যথাক্রমে চাচাতো শ্যালক ও বড় শ্যালকের স্ত্রী। হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির আপন ভাই আব্দুল লতিফ এবং সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে আব্দুল্লাহ আল মুবিন এন্টারপ্রাইজের নামে জেলা বিএনপির সভাপতির গৃহকর্মী আনোয়ার হোসেনকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
এ ছাড়া মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ নেতা, এমপিওভুক্ত মাদরাসাশিক্ষক এবং পাগলাকানাই ইউনিয়নে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজের নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
সার ডিলার নিয়োগের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কমিটি গঠনে দলীয়করণ ও অর্থের বিনিময়ে বদলির অভিযোগ তুলে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়। সেই সঙ্গে ঝিনাইদহের বিভিন্ন সড়ক ও স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব, জেলা পরিষদের নিয়োগে অনিয়ম এবং জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে সারের ডিলার নিয়োগসংক্রান্ত সব নথিপত্র পরীক্ষা করে অনিয়মে পাওয়া ডিলারশিপ বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ, সার-বীজ মনিটরিং ও বাছাই কমিটি বাতিল, টেন্ডারবাজি-চাঁদাবাজি বন্ধ এবং সার, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমানোর দাবি জানানো হয়।
এ সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, নায়েবে আমির আব্দুল আলীম, আব্দুল হাই এবং সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।