অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার আট ইউনিয়নের আটটি পরিবার পরিকল্পনা কেন্দ্র জনবল ও সরঞ্জামাদির সংকটে বন্ধের উপক্রম হয়েছে। কেন্দ্রগুলোতে এখন আর দেওয়া হয় না স্বাস্থ্যসেবা। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ সাধারণ মানুষ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, আট ইউনিয়নের আটটি কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। এফডব্লিউবি আটটি পদের ছয়টি শূন্য রয়েছে। দুই জন এফডব্লিউবি দিয়ে আট ইউনিয়নের আটটি কেন্দ্রে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসক, ওষুধসহ লজিস্টিক সাপোর্ট না থাকায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে।
জানা গেছে, প্রায় এক বছর ধরে অভয়নগর উপজেলার আট ইউনিয়নের আটটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সহায়তা বন্ধ রয়েছে। এতে গর্ভবতী মায়েদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ে পরামর্শ, ডায়রিয়া ও জ্বরের মতো সাধারণ রোগের চিকিৎসাসেবা মিলছে না।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন চিকিৎসাসেবা না থাকায় পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে। সেখানে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বখাটে ও মাদকসেবীদের অবস্থান করতে দেখা যাচ্ছে। তাই বন্ধ কেন্দ্রগুলোর প্রতি স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে জনবল সংকট ও লজিস্টিক সাপোর্ট নেই। বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ। এ অবস্থায় কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এ সংকটের সমাধান হবে।’