খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
মধুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বার) মো. বেল্লাল মোল্লা জানান, শনিবার বেলা ১১টার দিকে রামিম ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় তিনি ভ্যানের ডান পাশে বসা ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার পিঠের ডান পাশে গুলি বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, গুলির ঘটনা জানার পর তেরখাদা মোকামপুর ক্যাম্পের ইনচার্জকে অবহিত করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।