প্রজ্ঞা সর্বজয়া (ইবি) প্রতিনিধি
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বিচারক (সহকারী জজ/সিভিল জজ) পদে সুপারিশপ্রাপ্ত ১৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ সময় আইন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বিচারক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্লেটোর ন্যায়বিচারের ধারণা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিচারকদের বিবেক ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা উচিত। কারণ, পার্থিব দায়িত্বের ঊর্ধ্বে সৃষ্টিকর্তার কাছে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে।’
দেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দেশের অনেক আইন এখনো ঔপনিবেশিক শাসনামলের বৈশিষ্ট্য বহন করছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় চলে, তাই বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে মেহনতি মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা জরুরি।