ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রহমানকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ ও ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদ। রবিবার (২৫ অক্টোবর) ঝিকরগাছা প্রেসক্লাবে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আকবর হুসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিকরগাছা পৌরসভার হাসপাতাল রোড সংলগ্ন ‘রওজাতুল জান্নাত বালিকা মাদরাসা’টি দীর্ঘ ছয় বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মাদরাসার এক ছাত্রীকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে।
বক্তব্যে আরও বলা হয়, গত ১৯ অক্টোবর মাদরাসার হিফজ বিভাগের ১০ বছর বয়সী এক ছাত্রী খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পায়ে পেরেকের আঘাত পায়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকের সাথে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, যা পরবর্তীতে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রহমান জানান, মাদরাসার সম্পত্তি দ্রুতই প্রতিষ্ঠানের নামে ওয়াক্ফ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর শুকুর, মাওলানা ছদর উদ্দিন, অর্থ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, মুফতি শামীম মাহমুদ, মুফতি আজহারুল ইসলাম, মুফতি রবিউল ইসলাম ও মাওলানা সাইফুল্লাহ আল মামুনসহ মাদরাসার অভিভাবকেরা।