স্টাফ রিপোর্টার
, যশোর
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মৌসুমি বিনতে মানিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মাজেদুর রহমান এবং শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ডেঙ্গুর লক্ষণ, প্রতিকার এবং এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. মৌসুমি বিনতে মানিক। তিনি শিক্ষার্থীদের প্রতিদিনের অভ্যাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

সহকারী পরিদর্শক মাজেদুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম এই সময়োপযোগী উদ্যোগের জন্য জেলা তথ্য অফিস ও ইউনিসেফকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিকার। বাড়ির আশপাশ ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমেই এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
আলোচনা সভা শেষে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয়ের আঙিনা এবং খেলার মাঠে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে।