স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের পল্লীতে এক কৃষকের প্রায় আড়াই হাজার টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুল ইসলাম মনির (৪৮)।
ঘটনাটি বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে ঘটেছে। টমেটো গাছের পাশাপাশি দুর্বৃত্তরা নষ্ট করেছে লাউসহ অন্যান্য ফসলও।
মনিরুল ইসলাম মনির বলরামপুর গ্রামের কিরামত আলী বিশ্বাসের ছেলে।
তিনি জানান, সাড়ে চার বিঘা জমির পুকুরপাড়ে তিনি টমেটোসহ বিভিন্ন সবজির চাষ করেছিলেন। ছাগল-গরু বিক্রি এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ ও কিস্তিতে টাকা নিয়ে তিনি এই চাষাবাদ করেন। কিন্তু শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখেন, তার প্রায় আড়াই হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে। লাউসহ অন্যান্য ফসলও নষ্ট করা হয়েছে।
কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী জানান, সংসারে আয়ের উৎস বলতে এই চাষাবাদ। এমনিতে ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তারা দিশেহারা। দুই সন্তান নিয়ে কীভাবে সংসার চলবে, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় সুষ্ঠু বিচার ও সরকারি সহায়তার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান, শহীদুল ইসলাম ও আসাদুজ্জামান জানান বলেন, মনিরুল অত্যন্ত পরিশ্রমী ও নিরীহ একজন কৃষক। দীর্ঘ পরিশ্রমে গড়ে তোলা তার ফসল এভাবে নষ্ট করায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ক্ষতিপূরণের দাবি জানান তারা।
এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক বলেন, কৃষি দপ্তরের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনিকভাবে কীভাবে সহযোগিতা করা যায়, তা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি এ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষিবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ তদারকিতে প্রয়োজনীয় আইনগত ও দাপ্তরিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।