স্টাফ রিপোর্টার
, যশোর
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর যশোর-৩ (সদর) আসনের সাবেক প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেছেন, মানুষ গুম, খুন, চাঁদাবাজি, দখলদারি ও জুলুমমুক্ত একটি দেশ চেয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। এ কারণে জনগণ আবারও জেগে উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যে সফলতা এসেছিল, পরবর্তী সময়ে মানুষ সেই সফলতার স্বাদ পায়নি। জুলাই বিপ্লবে অংশ নেওয়া মানুষের প্রত্যাশা ছিল, দেশে আর গুম, ক্রসফায়ার, চাঁদাবাজি ও দখলদারত্ব থাকবে না। পাশাপাশি সন্তান, সম্পদ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু এসব প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২৫ হাজার আহত হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। এতো ত্যাগের পরও মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা আবারও প্রতিবাদে প্রস্তুত।
ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচার ও আধিপত্যবাদী শক্তিকে মেনে নেয়নি। কোনো ভয়ভীতি দেখিয়ে এ দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তির কাছেই মাথা নত করবে না।