লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারের (৪০) সন্ধানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবারের খোঁজ-খবর নিতে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তাদের বাড়িতে যান নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি নিখোঁজ ভ্যানচালকের স্ত্রী শরিফা বেগম ও তাদের দুই সন্তানের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং লিটুকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে আশ্বস্ত করেন। অভিযানে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ লিটু জমাদ্দারকে উদ্ধারে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তার সন্ধানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তারা নিখোঁজ পরিবারটিকে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে লিটু জমাদ্দার নিখোঁজ হন। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মাছেম জমাদ্দারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী শরিফা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৬১) করেছেন। তবে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।