স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের কেশবপুরে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় চরমপন্থি সংগঠন ‘মৃণাল বাহিনী’র সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী আনিচুর রহমান শেখ ওরফে আনিচকে (৩৬) ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) এর বিচারক আইরিন পারভিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের জামাল শেখ গাইনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাত তিনটার দিকে কেশবপুর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ছোট বিলে অভিযান চালায়। ওই বিলের একটি মাছের ঘেরের টংঘরে অবস্থান করছিলেন আনিচুর। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় একটি পাইপগান ও লুঙির কোঁচ থেকে একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আনিচুর চরমপন্থি মৃণাল বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দত্ত বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রেফাতুল ইসলাম।
আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দশ বছর এবং ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দুই ধারার সাজা একটির পর একটি কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে।