যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৪:৫৭ পিএম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা, সাতক্ষীরার দেবহাটা ও নড়াইলের লোহাগড়ায়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) তিন উপজেলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান এবং সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তার।

বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। এ জন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওয়াসিউজ্জামান চৌধুরী।

ছবি—পাইকগাছা (খুলনা)

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, থানার প্রতিনিধি সঞ্জয় পাল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাবিব মন্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া সততা সমবায় সমিতির সভাপতি বাসুদেব ও অনিকেত ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম।

প্রধান অতিথির বক্তব্যে মিলন সাহা বলেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য সাধারণ মানুষকে সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ করে অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়তা করা। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে ঐক্যবদ্ধ করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখায় নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি—দেবহাটা (সাতক্ষীরা)

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে এবং রেজমিন সুলতানা ও শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, বিএনপি নেতা শ. ম. লুৎফর রহমান, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন এবং লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হাদিউজ্জামান।

পরে সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাতজন সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

ছবি—লোহাগড়া (নড়াইল)

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. উবায়দুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম ও সহসেক্রেটারি গোলাম মোস্তফা।

এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, ‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নুরোল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায় কার্যক্রম মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে।

সভায় বিশেষ বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান এবং সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. আল-মামুন ও মো. শাহনেওয়াজ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি জানান, নানা আয়োজনে যশোরের বাঘারপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিন্টু, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন ও পৌর জামায়াতের আমির আবদুল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক রফিকুজ্জামান।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান শেখ।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম, বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবির মিন্টু ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্মসম্পাদক শামীম আখতার মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুনার রশীদ।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সমবায় পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। এ ছাড়া বক্তব্য দেন মাগুরা জেলা সমবায় সমিতির চেয়ারম্যান ও মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুদ হাসান খান কিজিল।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতারা।

স্বাগত বক্তব্যে এস এম মঞ্জুরুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবায় সমিতিগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য আটটি স্টল স্থাপন করা হয়েছে। সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে জেলা সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, জেলার মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলায় দুগ্ধ উৎপাদন বাড়াতে সমবায়ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সমবায়ীদের ৪ কোটি টাকা গাভী ঋণ দেওয়া হয়েছে। ঋণের অর্থ দিয়ে তারা ৪০০টি গাভী ও বকনা কিনেছেন। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সমবায়ীদের ১ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, আগামীতে মাগুরায় সমবায় মেলা আয়োজনে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য ও পণ্যের বৈচিত্র্য তৈরির দিকে মনোযোগ দিতে হবে। নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত আটটি স্টলে সমবায় সমিতিগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)