খুলনা অফিস
খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ের বাসিন্দা। তার বাবার নাম মোজাম্মেল হক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গুলি ছুড়তে দেখেন। তার ধারণা, দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি তার শরীরে লাগে।
গুলিটি তার বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে সার্জারি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।
সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন।
ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনও জানান, ঘটনার বিষয়ে খোঁজ নিতে মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।