লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে রামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়’ বিষয়ক আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের রূপগঞ্জ এলাকায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে এ আলোচনা সভা হয়।
সভায় আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ মঠ’র অধ্যক্ষ এবং ঢাকা রামকৃষ্ণ মিশনের সম্পাদক ও রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু মহারাজ শ্রীমত স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, কানাডা বেদান্ত সোসাইটি অব মন্ট্রিয়লের সেক্রেটারি শ্রীশক্তিব্রত হালদার মানু প্রমুখ।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা তার বক্তব্য বলেন, এদেশের সনাতনিরা হয়তো ভাবতে পারেন- আগে ভাল ছিলাম এখন নেই। তবে আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ। এদেশে সকলের সমান অধিকার। আমাদের ভাল থাকতে হলে সকলে মিলেমিশে থাকতে হবে।
তিনি আরও বলেন, সনাতনিরা শুধু এক ধর্মের ও এক জাতির জন্য না, তারা বিশ্বের সকল জাতি ও ধর্মের জন্য আশীর্বাদ করেন। এজন্য সনাতনি ধর্ম সর্বজনীন ও বিশ্বজনীন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।
কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দীজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীপঙ্কর দাস রতন।