যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কমিটির অজান্তেই জিআর চাল বরাদ্দ

রাসেল মিয়া

, মহম্মদপুর (মাগুরা)

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৫১ পিএম
কমিটির অজান্তেই জিআর চাল বরাদ্দ

মাগুরার মহম্মদপুরে ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ কার্যক্রমের (জিআর) উপবরাদ্দের চাল উত্তোলন ও বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াজ মাহফিলের নামে এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে এ চাল উত্তোলনের জন্য গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা বরাদ্দ ও চাল উত্তোলনের বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে পূর্বে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে সংশ্লিষ্ট কমিটির নথি পাওয়া গেছে।

নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ‘বাবুখালী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল’ শিরোনামে বাবুখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জন্য একটি কমিটি গঠন দেখানো হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে দাতীয়দহ এলাকার বাসিন্দা ও বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ মোল্যাকে। তার বাবার নাম আব্দুল মাজেদ মোল্যা।

সেক্রেটারি হিসেবে নাম রয়েছে আড়পাড়া এলাকার ইউপি সদস্য বাচ্চু খানের। তার বাবার নাম আবুল কালাম।

কমিটির অন্য সদস্যরা হলেন দাতীয়দহ এলাকার শিক্ষক ইসরাঈল (বাবা- কালু শেখ), বাবুখালী এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীর আলম (বাবা- আককাচ) এবং বাশোঁ এলাকার পল্লিচিকিৎসক নাঈম হাসান (বাবা- আওয়াল)।

নথিতে এসব ব্যক্তির নামের পাশাপাশি স্বাক্ষরও রয়েছে। এ ছাড়া এক নম্বর বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাঈল হোসেনের সিল ও স্বাক্ষর দেখা গেছে।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, কাগজে-কলমে কমিটি গঠন করা হলেও এর সদস্যদের বিষয়টি জানানো হয়নি।

এমনকী তাদের সম্মতি ছাড়াই কমিটির নথিপত্র তৈরি করা হয়ে থাকতে পারে।

ফলে কমিটির সদস্যদের অজ্ঞাতসারে কীভাবে তাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করে এক টন চাল বরাদ্দ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একই সঙ্গে বরাদ্দ করা চালের প্রকৃত উত্তোলন ও ব্যবহার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে চলতি অর্থবছরে ১১০টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৮৯ দশমিক ৫ টন জিআর চাল উপবরাদ্দ দেওয়া হয়েছে।

এসব বরাদ্দের ক্ষেত্রে নানা অনিয়ম, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ এবং প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতির অভিযোগ আগেই সামনে এসেছে।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল হাসান নিয়ম মেনেই কাজ করার দাবি করেছেন।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

তবে প্রতিবেদন প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)