অশোক সোয়াইন
ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছরের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। হাতে আর অল্প সময় থাকলেও চুক্তিটি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। বাংলাদেশ বারবার আলোচনার আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রীর চিঠির মাধ্যমে এ বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হয়।
তবে নয়াদিল্লি এ বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখায়নি। কেবল কারিগরি পর্যায়ে কিছু আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই পানি চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়া গুরুতর কৌশলগত ভুল হবে। চুক্তি নবায়ন না হলে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতি হতে পারে অনেক বেশি।
নিঃসন্দেহে বাংলাদেশের জন্য চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভাটির দেশ হিসেবে উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ বিশেষ করে শুষ্ক মৌসুমে ঝুঁকির মধ্যে থাকে। এ সময় গঙ্গার পানি কৃষি, মৎস্য, নৌ চলাচল ও নাজুক প্রতিবেশব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে চুক্তি নবায়ন করলেই বাংলাদেশ আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি পানি পাবে, এমনটা না-ও হতে পারে। উজানে পানি প্রত্যাহার, পানির চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানিপ্রবাহের স্বাভাবিক গতিপ্রকৃতিতে বড় পরিবর্তন এসেছে।
অন্যদিকে ভারত পানি ধরে রাখার চেয়েও মূল্যবান কিছু হারাতে পারে। সেটা হলো, পারস্পরিক সহযোগিতা থেকে পাওয়া অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সুবিধা।
১৯৯৬ সালের চুক্তি
১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে উল্লেখযোগ্য সাফল্য। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। এর মধ্য দিয়ে ভারতের ফারাক্কা ব্যারাজ নিয়ে দীর্ঘদিনের তীব্র বিরোধ কমে আসে।
হুগলি নদীতে পানিপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্য ধরে রাখার উদ্দেশ্যে এই ব্যারাজ নির্মাণ করা হয়েছিল। ভারতের ওই পানি প্রত্যাহারের কারণে ভাটিতে পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিল বাংলাদেশ। ১৯৯৬ সালে সই হওয়া চুক্তিটি এ বিরোধ মেটাতে একটি ব্যতিক্রমী কৌশল গ্রহণ করে।
সে সময় নদীর পানিপ্রবাহ নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যেতে না দিয়ে দুই সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নদীর পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পানিবণ্টনের একটি সূত্রে সম্মত হয়।
চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি দশ দিন অন্তর পানির হিস্যা নির্ধারণ করা হয়। তবে সব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে পুরো অববাহিকাজুড়ে পানি ব্যবস্থাপনার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিন দশক পর এসে ফারাক্কা ব্যারাজে পর্যাপ্ত পানি থাকার যে ধারণার ওপর চুক্তিটি দাঁড়িয়ে ছিল, তা ক্রমেই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। সেচের সম্প্রসারণ, শিল্প খাতে পানির চাহিদা এবং উজানে পানি প্রত্যাহার নদীটির ওপর চাপ বাড়িয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও হিমালয়ের পানিপ্রবাহেও পরিবর্তন এসেছে। ফলে মৌসুমি পানির প্রাপ্যতা আগের চেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে। অতীতের পানিপ্রবাহের তথ্য দিয়ে ভবিষ্যতের পানির প্রাপ্যতা নিশ্চিত করা আর সম্ভব হচ্ছে না।
তাই নতুন করে চুক্তি হলেও বাংলাদেশ হয়তো উল্লেখযোগ্যভাবে বেশি পানি পাবে না। কারণ ফারাক্কায় যতটুকু পানি আছে, চুক্তি করে তার চেয়ে বেশি পানি পাওয়া সম্ভব নয়।
ভারতের স্বার্থ ও ঝুঁকি
ভারতের জন্য ঝুঁকিটা অনেক বড়। অক্সফামের জন্য সাজিদ করিমের সঙ্গে করা এক গবেষণায় এই প্রতিবেদক হিসাব করে দেখেছেন, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলো সম্মিলিতভাবে বছরে অন্তত এক হাজার ৪২০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে। এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেতে পারে। এই হিসাবটি দেখায়, অভিন্ন নদীগুলোকে যৌথ উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার না করে যখন জাতীয় নিয়ন্ত্রণের হাতিয়ার বানানো হয়, তখন কত বড় সম্ভাবনা নষ্ট হয়।
এই নদী অববাহিকাগুলোতে সমন্বিতভাবে জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা ব্যবস্থাপনা, নৌ চলাচল, পরিবেশ পুনরুদ্ধার ও আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের নৌপথ, বন্দর ও পরিবহন অবকাঠামো ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
যৌথভাবে নদী ব্যবস্থাপনা করা গেলে বন্যায় ক্ষয়ক্ষতি কমানো, শুষ্ক মৌসুমে পানির সরবরাহ আরও নির্ভরযোগ্য করা এবং এমন সব বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব, যা এককভাবে কোনো দেশের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।
জলবায়ু পরিবর্তনের কারণে পানিপ্রবাহের অনিশ্চয়তা যত বাড়বে, বিচ্ছিন্নভাবে নদী ব্যবস্থাপনার খরচও তত বাড়বে। সহযোগিতার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও স্বার্থ দুটিই ভারতের রয়েছে। কিন্তু চুক্তিটির মেয়াদ শেষ হতে দিলে ঠিক তার বিপরীত বার্তাই যাবে।
রাজনৈতিক প্রভাব
গঙ্গা পানি চুক্তি নবায়ন না করার রাজনৈতিক প্রভাবও কম ক্ষতিকর হবে না। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। ভারতে শেখ হাসিনার অবস্থান, সংখ্যালঘু নিয়ে অভিযোগ, বাণিজ্যিক বিধিনিষেধ এবং পারস্পরিক অবিশ্বাস—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন বেড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে অংশীদারত্বের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ঢাকার কূটনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে বলে মনে হচ্ছে।
এমন পরিস্থিতিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি থেকে স্পষ্ট হবে, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ভারত জরুরি সহযোগিতা বজায় রাখতে পারে কি না।
পানিবণ্টনের সঙ্গে লাখো মানুষের জীবন-জীবিকা জড়িত, ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন। দ্বিপক্ষীয় টানাপড়েনের কাছে এই চুক্তিকে জিম্মি করা হলে এমন ধারণাই আরও জোরালো হবে যে, উজানের ভৌগোলিক সুবিধাকে ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ভারতের ফারাক্কা নিয়ে অতীতের ইতিহাস মনে রাখা দরকার। ১৯৯৬ সালের আগে বাংলাদেশ একাধিকবার এই বিরোধ আন্তর্জাতিক পর্যায়ে তুলেছিল; এমনকি জাতিসংঘেও বিষয়টি উত্থাপন করেছিল। গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ঢাকা আবারও আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন চাইতে পারে এবং অভিন্ন নদীর পানির ন্যায্য ব্যবহারের নীতির কথা তুলে ধরতে পারে।
এমন কৌশল তারেক রহমানের সরকারের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ সুবিধাজনক হতে পারে। কারণ পানির সংকট নিয়ে উদাসীন কিংবা ভারতের সিদ্ধান্তের কাছে নতিস্বীকার করছেন—বাংলাদেশের কোনো নেতাই এমন ধারণা তৈরি করতে চাইবেন না। ফলে নয়াদিল্লি একটি নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্যকে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতে পরিণত করার ঝুঁকি তৈরি করছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের বিষয়টি। ইয়ারলুং সাংপো নদীতে চীনের চলমান ও পরিকল্পিত বড় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। এই নদীই ভাটিতে এসে ব্রহ্মপুত্র নামে পরিচিত। এসব প্রকল্পের কারণে পানির প্রাপ্যতা, পলিপ্রবাহ, পরিবেশগত প্রভাব ও পানিপ্রবাহ-সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পানিবণ্টনের বিষয়ে চীনের কাছ থেকে আরও সহযোগিতা চাওয়া ভারতের জন্য স্বাভাবিক। কিন্তু একই অববাহিকায় বাংলাদেশের ভাটির দেশের উদ্বেগকে উপেক্ষা করে বেইজিংয়ের কাছে দায়িত্বশীল আচরণ দাবি করলে নয়াদিল্লির সেই অবস্থান কতটা বিশ্বাসযোগ্য হবে?
উজানে চীনের ক্রমবর্ধমান তৎপরতা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভারতের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন; দূরত্ব বাড়ানো নয়।
হিমালয় অঞ্চলের উন্নয়ন, মৌসুমি বায়ুর পরিবর্তন এবং আকস্মিক বন্যার কারণে দুই দেশই অভিন্ন ঝুঁকির মুখে রয়েছে। যৌথভাবে পানিপ্রবাহ পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগ—এসব দুই দেশের দর-কষাকষির অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
গঙ্গার পানি নিয়ে কোনো ভাঙন বা অচলাবস্থা হলে এমন সহযোগিতার জন্য প্রয়োজনীয় পারস্পরিক আস্থাই ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বাংলাদেশে চীনের জন্য অতিরিক্ত কূটনৈতিক সুযোগও তৈরি হবে। ঢাকার জন্য চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অনেক কারণ রয়েছে।
তবে পানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সহযোগিতার অনিচ্ছা নয়াদিল্লির ওপর অতিরিক্ত নির্ভরতার বিরুদ্ধে যুক্তিকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশকে অন্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানো থেকে ভারত ঠেকাতে পারবে না। তবে ভারতের সঙ্গে সহযোগিতা এতটাই মূল্যবান করে তুলতে পারে, যাতে নতুন অংশীদার খোঁজার অর্থ ইচ্ছাকৃতভাবে নয়াদিল্লির কাছ থেকে কৌশলগত দূরত্ব তৈরি করা না হয়।
সূত্র: দ্য ওয়্যার, স্ট্রিম