স্টাফ রিপোর্টার
, যশোর
টিকটকে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই সম্পর্কের পরিণতি ঘটেছে বিয়ের মধ্য দিয়ে। মালয়েশিয়ার তরুণী নুর হায়াতিকে বিয়ে করেছেন যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইন।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন নুর হায়াতি।
গত ২৩ নভেম্বর যশোর পৌর এলাকার বারান্দিপাড়া খালধার সড়কে নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে তাদের বিয়ে নিবন্ধিত হয়।
পরদিন ২৪ নভেম্বর কাবিননামা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়।
শনিবার আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়দের বিয়ের বিষয়টি জানানো হয়।
সোহাগের বাড়ি শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিনের তিন সন্তানের মধ্যে ছোট।
অন্যদিকে নুর হায়াতির বাবা আমরান বিন আহমাদ এবং মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান।
গত ১৯ নভেম্বর মা-বাবাকে নিয়ে বাংলাদেশে আসেন নুর হায়াতি। এর আগে ২৮ অক্টোবর দেশে ফেরেন সোহাগ।

কাবিননামা অনুযায়ী, দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে এবং নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাদের বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।
সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় গেলেও সেখানে পড়াশোনা না করে কর্মজীবনে প্রবেশ করেন তিনি।
বর্তমানে কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ রয়েছে। পাশাপাশি ঠিকাদারি কাজ করেন।
মালয়েশিয়ায় অবস্থানকালে এক ব্যক্তির দোকানে যাতায়াতের সূত্রে নুর হায়াতির সঙ্গে তার প্রথম পরিচয়। দোকানটি ছিল নুর হায়াতির বাবার।
সেই পরিচয়ের পর টিকটকের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। পরে ফোন নম্বর বিনিময় করে নিয়মিত কথা বলতে শুরু করেন তারা।
সোহাগ মালয় ভাষায় কথা বলতে পারায় যোগাযোগে তেমন অসুবিধা হয়নি। নুর হায়াতিকেও কিছু বাংলা শেখানো হয়েছে।
একপর্যায়ে নুর হায়াতির মা-বাবার সঙ্গে সোহাগের পরিচয় ও কথাবার্তা হয়। তারা সোহাগকে পছন্দ করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নতুন বধূকে পেয়ে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও।
সোহাগের মা নেলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারে। তবে বেয়াই-বেয়াইন বাংলা বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’
নুর হায়াতির মা-বাবার আপ্যায়ন প্রসঙ্গে নেলুফা ইয়াসমিন জানান, তারা নিজেদের সঙ্গে শুকনো খাবার নিয়ে এসেছেন। ডিম ও নুডলস বেশি খাচ্ছেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় তারা আর বাংলাদেশে থাকতে চাইছেন না। রোববার সোহাগ তাদের ঢাকায় পৌঁছে দেবেন। তবে সোহাগ ও তার স্ত্রী আরও এক মাস দেশে থাকবেন।
সোহাগ জানান, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুরে একটি সুপারশপ রয়েছে। শ্বশুরের সাত সন্তান। প্রত্যেকের জন্যই তিনি আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে দিয়েছেন।
মালয়েশিয়ায় ফিরে নিজের ব্যবসার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন সোহাগ।
সোহাগ বলেন, ‘বিয়ে করে আমরা দুজনই সুখী। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাবো।’