খুলনা অফিস
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১৪টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী রয়েছেন।
এই নির্বাচনে ১ হাজার ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা পরিষদ সূত্র জানায়, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হলো—বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন—সভাপতি পদে অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, সহসভাপতি পদে অ্যাডভোকেট এ বি এম ওমর আলী ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট জয়দেব কুমার সরদার, লাইব্রেরি সম্পাদক পদে এস এম সাইফুর রহমান সুমন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জুলফিকার নাঈম। এ ছাড়া সাতটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট ইসরাত জাহান তিষা, অ্যাডভোকেট উজ্জ্বল চন্দ্র দে, অ্যাডভোকেট নাসির উদ্দিন আরমান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাবু, অ্যাডভোকেট মো. মিলন মাহমুদ, অ্যাডভোকেট মোশারেফ হোসেন শেখ ও অ্যাডভোকেট শারমিন মারিয়া মুক্তি।
অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন—সভাপতি পদে অ্যাডভোকেট লস্কর শাহ আলম, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এ এম মুমিনুজ্জামান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হানিফ উদ্দীন, লাইব্রেরি সম্পাদক পদে জি এম মোহেব্বুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। এই প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এম মাহবুবুর রহমান, মো. মুজাহিদুল ইসলাম, এস এম রুহুল আমিন, মো. লুৎফর রহমান, শর্মিষ্ঠা রানী কুণ্ডু, শেখ মো. হুমায়ুন কবীর ও মো. নওশের আলী।
সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য কেন্দ্র এলাকায় পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে এক সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও পরে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।