সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কাঁকশিয়ালী নদীতে নৌকাডুবির ঘটনায় আজিজ মহাজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তার স্ত্রী কাজলা বেগম (৩৩) ও দুই বছরের শিশুসন্তান আবির হোসেনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মৃত মফো মহাজনের ছেলে।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘোষখালী থেকে নৌকাযোগে ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর দমদমা এলাকায় যাচ্ছিলেন আজিজ। পথে গাজী দুর্গাপুর এলাকায় কাঁকশিয়ালী নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি আটকে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে কাজলা বেগম ও শিশু আবিরকে উদ্ধার করেন। তবে পানিতে তলিয়ে যান আজিজ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজের মরদেহ উদ্ধার করেন।
এদিকে উদ্ধার হওয়া কাজলা বেগম ও আবির হোসেনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মা ও শিশু দুজনই বর্তমানে শঙ্কামুক্ত।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।