কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় শাজাহান শেখ (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্যে তিনি খাবার নিয়ে যাচ্ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের আমবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চা দোকানি রাজিব হোসেন বলেন, রাতে দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি সড়কের উপর একজন বাইসাইকেল আরোহী পড়ে আছে। এরপর স্থানীয়দের সহায়তায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মাহবুবুর রহমান বলেন, দুইদিন আগে কোটচাঁদপুরের একটি ক্লিনিকে মেয়ের অপারেশন হয়েছে। শুক্রবার রাতে মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আমবাজার মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। শাজাহান শেখ একজন প্রবাসী। তিনি দুই ছেলে এক মেয়ের জনক।
কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কীভাবে ঘটনা ঘটেছে।