চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছরের রুফাইয়িত হোসেন ও নয় মাস বয়সী আনিসা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই ঘটনা।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)।
সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত।
সকালে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে।
অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে আরেকটি দুর্ঘটনা। আনোয়ার হোসেনের নয় মাস বয়সী কন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।