কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিদ্যুতের চোরাইলাইনে স্পৃষ্ট হয়ে মোছা সরদার (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুছার স্ত্রী সুইটি বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা গ্রামের দীন মোহাম্মাদের ছেলে মোস্তফা সরদার বসতবাড়ির বিদ্যুতের মিটার থেকে তাদের বাড়ির ২০০ মিটার দূরে মুরগির ফার্মে বিদ্যুৎ সংযোগ নেন।
শনিবার বেলা ১১টার দিকে ওই ফার্মে মুরগির খাদ্য দিতে গিয়ে একই গ্রামের বিল্লাল সরদারের ছেলে মোছা সরদার এবং তার স্ত্রী সুইটি বেগম (৩০) বিদ্যুৎস্পৃষ্ঠ হন। এলাকাবাসী তাদেরকে কেশবপুর সরকারি হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার মোছা সরদারকে মৃত ঘোষণা করেন।
সুইটি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত তিন বছর ধরে মোস্তফা সরদার চোরাই বৈদ্যুতিক লাইন নিয়ে মুরগির ফার্ম পরিচালনা করে আসছেন।