ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরাফাত হোসেন (৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টার সময় চিকিৎসাধীন শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শিশু আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা বিজয় হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নাসরিন মৌ জানান, কুষ্টিয়ায় হামের উপসর্গে মোট ১০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়, গত ২ মে হামের উপসর্গ নিয়ে আরাফাতকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার নাসরিন মৌ জানান, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে কুষ্টিয়াতে হাম সংক্রমণ বা প্রাদুর্ভাব শুরু হয়।
এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট এক হাজার ৪৯ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে একশ ৫৫ শিশু।