ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
কানাডায় পাঠানোর নামে একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতি খন্দকার হামিদুর রশিদ সোহেল ও আফরোজা আক্তার সেতুর বিরুদ্ধে।
প্রতারণার শিকার যশোরের ঝিকরগাছা এলাকার ভুক্তভোগীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
শনিবার বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর পারবাজার এলাকার আনিসুর রহমান অভিযোগ করেন, নড়াইল জেলার উড়ানী (মধ্যপল্লী) গ্রামের বাসিন্দা খন্দকার হামিদুর রশিদ সোহেল ও তার স্ত্রী আফরোজা আক্তার সেতু দীর্ঘদিন ধরে কানাডায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তারা কানাডাপ্রবাসী আত্মীয়-স্বজনের মাধ্যমে সহজে কানাডায় লোক পাঠাতে পারবেন বলে তাদের আশ্বাস দেন। ওই কথায় বিশ্বাস করে তারা জনপ্রতি ১৫ থেকে ১৬ লাখ টাকা নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রদান করেন। এছাড়া ভিসা, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র প্রস্তুতের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একপর্যায়ে কানাডিয়ান দূতাবাসে ব্যাংক সলভেন্সি দেখানোর কথা বলে কয়েকজনের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেকও নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্তরা যে ভিসা ও অন্যান্য কাগজপত্র সরবরাহ করেছেন সেগুলো সম্পূর্ণ ভুয়া ও জাল। শুধু বিদেশে পাঠানোর নামে নয়, তৈরি পোশাক ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়েও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত হামিদুর রশিদ আত্মগোপনে চলে যান। পরে তার কাছে টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত ও টালবাহানার আশ্রয় নেন। এমনকি কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের দেওয়া চেক ব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়। টাকা ফেরত চাইলে প্রাণনাশ ও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুরন্দরপুর গ্রামের সুমন হোসেন, মল্লিকপুর গ্রামের সাগর হোসেন, হাজের আলী গ্রামের রফিকুল ইসলাম, আরমান হোসেন এবং আনিসুর রহমানসহ আরও কয়েকজন। তাদের কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৪৬, তারিখ: ১১ মে ২০২৬) করা হয়েছে।
অভিযোগের বিষয়ে খন্দকার হামিদুর রশিদ সোহেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।