ইবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা এবং অনলাইনে সংঘবদ্ধ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
আজ রোববার (১৪ জুন) বেলা ২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব এবং আনারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘ধর্ষকদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, "কেন্দ্রীয় পর্যায়ের এক শিবির নেতার বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের গুরুতর অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা এবং এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।"
তিনি আরও বলেন, "উত্থাপিত অভিযোগগুলোর একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"