সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল এলাকায় কৈখালী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দকৃত ফেনসিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।