অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক (ইয়াবা ট্যাবলেট) সেবনের পর মাতলামি করে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত চারজন হলেন -উপজেলার সিংগাড়ী গ্রামের এলাহী বক্সের ছেলে মেহেদী হাসান (২৪), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন ইমন (১৯), কালাম শেখের ছেলে সাব্বির শেখ (১৯) ও পোতপাড়া গ্রামের জাফর মোল্যার ছেলে রাসেল মোল্যা (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী তেল পাম্পসংলগ্ন মাঠে ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির দায়ে চার যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটক চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচশত টাকা করে জরিমানা অনাদায়ে আরো একদিনের কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু বলেন, 'এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চারজন মাদকসেবী যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।'