কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর ভায়া গোপালপুর সড়কের ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাছকাটা বন্ধ করে দিয়েছেন।
মঙ্গলবার কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের শেখ আহাদ আলীর ছেলে বালি মিন্টুসহ আটজন গাছকাটা শ্রমিক গোপালপুর-সাতবাড়িয়া সড়কের পাশ থেকে চারটি বড় রেইন্ট্রি এবং দুটি মেহগনি গাছ কাটছিল। এরমধ্যে দুটি রেইন্ট্রি ও দুটি মেহগনি গাছ কেটে গাছের টুকরোগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বাকি দুটি গাছের ডালপালা কেটে নেওয়ার সময় খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। তখন তিনি দুইটি গাছ কাটা বন্ধ করে দেন। যে কাঠ সরিয়ে নেওয়া হয়েছে তার মূল্য প্রায় একলাখ টাকা।
বালি ব্যবসায়ী মিন্টু শেখ বলেন, সড়কের পাশে তার জায়গায় ওই গাছ তিনি লাগিয়েছিলেন। তাই উপজেলা প্রশাসনকে জানিয়ে গাছ কাটা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে সড়কের ওপর থেকে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক ও পাশে জমির মালিকের সীমানা নির্ধারণ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।