কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে তিনি মারা যান।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম এ খবর নিশ্চিত করেছেন।
মৃত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তখনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে।
জেল সুপার আরও জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।