সুবর্ণভূমি ডেস্ক
ভারতে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ জানানো এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেসের শীর্ষ নেতারা দিল্লিতে এক নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের জ্যেষ্ঠ নেতারা আচমকা দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান (ধরনা) কর্মসূচি শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থান করার পর পুলিশ বলপ্রয়োগ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পুলিশ জোরপূর্বক নেতাদের বাসে তুলে নিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এবং এর প্রায় দুই ঘণ্টা পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটির ছাত্রসমাজ গত সোমবার সংসদ ভবন অভিমুখে মিছিল বের করে। সে সময় দিল্লি পুলিশ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
শিক্ষার্থীদের ওপর এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবং বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবিতে গতকাল রাহুল গান্ধীসহ বিরোধী দলের শীর্ষ নেতারা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু বৈঠক থেকে কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে বিকেলে কংগ্রেস নেতারা সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন।