মাগুরা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সন্ধ্যায় জেলা অডিটরিয়ামে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একক সংগীত, দেশাত্মবোধক গান এবং কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগের ইতিহাস এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকরা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।