কুষ্টিয়া প্রতিনিধি
শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গড়াই নদে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে শহর-সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)।
তারা দুজনই হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষার্থী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত সর্বশেষ জীববিদ্যা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু হরিপুর সংযোগ সেতু পার হয়ে হরিপুর গড়াই নদের বাম তীরে গোসল করতে নামে। কিন্তু গভীর পানিতে তলিয়ে যায় তারা।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে, ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই তাদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেইসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, উদ্ধারকারী টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।