লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মোটা টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে।
এ ঘটনার পর মানসিক আঘাতে বিপর্যস্ত ওই শিক্ষার্থী বিষপান করলে অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী এসএসসির ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। খাতা জমা শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের বখাটে রায়হান, তামিম ও লিকু পরস্পর যোগসাজগে তার পথরোধ করে তাকে বিবস্ত্র করে তাদের মোবাইলে ভিডিও ধারণ করে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ‘অভিযুক্তরা ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার কাছে মোটা টাকা দাবি করা হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’