মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন (৬০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। তাদের ধারণা, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।