স্টাফ রিপোর্টার
, যশোর
‘অপপ্রচার, গুজব ও হামলার হুমকি’র প্রতিবাদ এবং সংগঠনটির সদস্যদের জানমালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ জেলা শাখা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ যশোর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য ও হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব প্রচারণার কারণে দেশের বিভিন্ন এলাকায় হেযবুত তওহীদের সদস্য ও তাদের পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অতীতেও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
হেযবুত তওহীদের পক্ষ থেকে সংগঠনটিকে অরাজনৈতিক ও শান্তিপূর্ণ হিসেবে দাবি করে বলা হয়, আইন ও সংবিধান মেনেই তারা কার্যক্রম পরিচালনা করছে। কোনো গোষ্ঠীর চাপ বা ফতোয়ার মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা যাবে না বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি ও হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপপ্রচার বন্ধ এবং সংগঠনের শান্তিপূর্ণ মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।