স্টাফ রিপোর্টার
, যশোর
ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে সপ্তাহে তিনদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইন্সটি।
শনিবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন ঢাকা-যশোর রুটে প্রতিদিন দু’টি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে ইউএস-বাংলা।
নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সেটি ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর যাওয়া-আসার সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার মধ্যে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। এরপর দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বিমান যোগাযোগ সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
লোকসানের মুখে পড়ায় গত ১৬ জুলাই থেকে দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দরের এই রুটে সব ফ্লাইট পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এর আগে বাংলাদেশ বিমান, ইউএস বাংলাসহ বিভিন্ন এয়ারলাইন্সের দৈনিক ১৮টি ফ্লাইট চলতো এ রুটে। পরবর্তীতে পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব ঘটে। এতে যাত্রী অর্ধেকের নিচে নেমে আসায় সপ্তাহে মাত্র ৯টি ফ্লাইট পরিচালনা করতো এই এয়ারলাইন্স।
বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের শুক্র ও মঙ্গলবারে সপ্তাহে দুইটি ফ্লাইট চলছে। তাও আবার বিকেলে।
ট্রাভেল এজেন্সির মালিক গিয়াস উদ্দিন বাদশা বলেন, গত ১৬ জুলাই ইউএস বাংলা কর্তৃপক্ষ যশোর-ঢাকা রুটের ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দেয়। ফ্লাইট বন্ধ হওয়ার কারণে এজেন্সির ব্যবসা হুমকির মুখে পড়ে। তার প্রেক্ষিতে ট্রাভেল এজেন্সির মালিকরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে ইউএস-বাংলা ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানাই। পরবর্তীতে তিনি ইউএস-বাংলা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তার কারণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ফের চালু হতে যাচ্ছে এই রুটের ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যশোরের ম্যানেজার সাব্বির হোসেন তুতুল জানিয়েছেন, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের বিমান ভ্রমণের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের প্রয়োজনীয়তা বিবেচনা এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে প্রতিমন্ত্রী অমিতের ফলপ্রসূ আলোচনায় এ রুটে আমাদের ফ্লাইট ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমানের সাথে মিল রেখে আগের ভাড়ায় রাখা হয়েছে ।