স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরে ভাড়াটিয়া বাসায় ঢুকে আকাশ (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তালা ভেঙে আকাশকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মুমিনের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত আকাশ মাগুরা সদর উপজেলার আরিফ মিয়ার ছেলে। তিনি ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মুমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাসার ভেতর থেকে গোঙানির শব্দ ও ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। পরে কয়েকজন এগিয়ে এসে দরজায় বাইরে থেকে তালা ঝুলতে দেখেন। তারা তালা ভেঙে ভেতরে ঢুকে আকাশকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আকাশের মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি অচেতন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবক অচেতন থাকায় হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার জ্ঞান ফিরলে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।