স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের আরএন রোড এলাকায় সোমবার (২৪ আগস্ট) রাতে আটক তিনজনের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে সদর পুলিশ ফাঁড়ি পুলিশ । মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল বাতেন জানিয়েছেন, সোমবার রাতে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা আকস্মিকভাবে আরএন রোড, খালধার রোডসহ আশেপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পশ্চিম বারান্দীপাড়া কদমতলা রোডের ব্যাংকপট্টি গলির মধ্যে থেকে তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে পশ্চিম বারান্দীপাড়া কদমতলার মৃত রবিউল ইসলাম রানার ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগরের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, পূর্ব বারান্দীপাড়ার খেজুরবাগান এলাকার সাইফুলের বাড়ির ভাড়াটিয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদাগা গ্রামের আনোয়ার হোসেনে ছেলে মর্তুজা হোসেন শুভর (২২) কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেট এবং লোন অফিসপাড়া রোড আদর্শ স্কুলের পাশের শেখ সেলিমের ছেলে আশিকুর রহমানের (২৯) কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।