সুবর্ণভূমি ডেস্ক
জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার সকালে তালাবদ্ধ ফ্ল্যাটটির জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি ও চিৎকার শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে ফ্ল্যাটের অন্য একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইসরাত জাহান ও তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন দম্পতির ১০ বছর বয়সী স্নেহা নামে এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’
ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।