লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মামুন গাজী।
জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জিএম মাহবুবুর রহমান লিটনের ছেলে।
জানা গেছে, গত ২৪ আগস্ট জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিও ও ছবিগুলো কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জিএম মাশরাফির বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।