কালিয়া (নড়াইল) প্রতিনিধি
সংগৃহীত-
ছবি:
নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চাচুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচুড়ি বাজারে মালামাল খালাসের জন্য একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বারইপাড়া থেকে কাজ শেষে এক সহকারীকে সঙ্গে নিয়ে ইটভাঙার ট্রলিতে বাড়ি ফিরছিলেন মুত্তাকাব্বির। চাচুড়ি বাজারের সেতু থেকে নামার সময় হঠাৎ ট্রলিটির ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ট্রলিচালক মুত্তাকাব্বির গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা সহকারী কোনো আঘাত পাননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।