স্টাফ রিপোর্টার
, যশোর
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না।
ভালো ফলাফল, চাকরি কিংবা অর্থ-সম্পদ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; শিক্ষা হতে হবে সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ তৈরির মাধ্যম।
শুক্রবার সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অবশ্যই আনন্দ ও গর্বের বিষয়, তবে এটিকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে করা যাবে না। নিজেদের জ্ঞান ও মেধাকে নৈতিকতা, সততা ও মানবিকতার সঙ্গে সমন্বিত করে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড. যায়েদ আহমেদ, ভিপি রিয়াজুল ইসলাম, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।